বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শেষে মেয়াদের মাঝপথে পদত্যাগের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রয়টার্সকে তিনি বলেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কারণে তিনি ‘অপমানিত বোধ’ করছেন।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার ভূমিকা মূলত আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। প্রায় ১৭ কোটি ৩০ লাখ মানুষের এই মুসলিম প্রধান দেশে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে এবং সংসদ ভেঙে দেওয়া হলে সাহাবুদ্দিনই একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে থেকে যান।

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে আওয়ামী লীগকে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।

প্রেসিডেন্ট সাহাবুদ্দিন অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি, তার প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, “রাষ্ট্রপতির ছবি সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে ছিল। এক রাতে হঠাৎ তা সরিয়ে দেওয়া হয়েছে। এতে ভুল বার্তা যায় যে হয়তো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে। আমি খুবই ‘অপমানিত বোধ’ করেছি।”

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ইউনুসকে লিখেছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। “আমার কণ্ঠরোধ করা হয়েছে,” তিনি যোগ করেন।

প্রেসিডেন্ট জানান, তিনি নিয়মিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২০২৪ সালের আগস্টে হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভ চলাকালে সেনারা হস্তক্ষেপ না করায় হাসিনার পতন ঘটে। সাহাবুদ্দিন বলেন, জামান স্পষ্ট করেছেন যে তিনি ক্ষমতা দখল করতে চান না। বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস থাকলেও সেনাপ্রধান জানিয়েছেন, তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান।

সাহাবুদ্দিন বলেন, কিছু ছাত্র আন্দোলনকারী প্রথমে তার পদত্যাগ দাবি করলেও সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগের আহ্বান জানায়নি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি যোগাযোগ করেছেন কি না—এমন প্রশ্নে সাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি স্বাধীন, কোনো দলের সঙ্গে যুক্ত নন।