রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা দুই বছরের শিশুটি বেঁচে নেই। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ৯টা ৩৫ মিনিটে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৯টা ৪০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করে প্রায় ১২০ ফুট পর্যন্ত খনন করেও পানি না পেয়ে পাইপটি মুখ খোলা অবস্থায় ফেলে রাখেন। বৃষ্টির কারণে গর্তটি আরও বড় হয়ে যায়। কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় অবশেষে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির মা রুনা খাতুন জানান, বুধবার তিনি সন্তানকে নিয়ে বাড়ির পাশের জমি পার হচ্ছিলেন। খড় দিয়ে ঢাকা গর্তে হঠাৎ সাজিদ পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে তিনি খড় সরিয়ে দেখেন খোলা মুখের গভীর গর্ত।
উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিস গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। তবে শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শিশুটিকে উদ্ধারের পরপরই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তার আগেই মৃত্যু ঘটে।
শিশু সাজিদের মা রুনা খাতুন অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, গ্রামের কছির উদ্দিন তিন জায়গায় গভীর নলকূপ বসানোর জন্য গর্ত খুঁড়ে দুই বছর ধরে তা বন্ধ না করে ফেলে রেখেছেন। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




