বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে যেকোনো সময় তাঁকে বিদেশে নেওয়া হতে পারে। আপাতত দেশেই সুচিকিৎসা নিশ্চিতে আশাবাদী মেডিক্যাল বোর্ড।
বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন এবং সাড়া দিচ্ছেন।”
তিনি জানান, গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং তাঁর শারীরিক অবস্থা ফ্লাই করার উপযুক্ত না থাকায় স্থানান্তর সম্ভব হয়নি।
ডা. জাহিদ আরও বলেন, মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করছে যেন পৃথিবীর সর্বোত্তম চিকিৎসা তিনি পান। প্রয়োজনে তাঁকে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে। তিনি অনুরোধ করেন, খালেদা জিয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর নিকটাত্মীয়রা সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজখবর রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।
ডা. জাহিদ দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “১৭ কোটি মানুষ যে দোয়া করছেন, সেটি যেন অব্যাহত থাকে। আল্লাহর মেহেরবানীতে দেশনেত্রী যেন সংকটময় অবস্থা সফলভাবে অতিক্রম করতে পারেন।”
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই বোর্ডে যুক্ত হয়েছেন।
চিকিৎসার সমন্বয় করছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে ঢাকায় এসে কয়েক দিন ধরে হাসপাতালে ও পারিবারিক বাড়িতে অবস্থান করছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
অন্তর্বর্তী সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে এবং এসএসএফ তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।




