বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য ভাষণ রেকর্ড করেন। পরে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায় প্রসঙ্গে ইসি সচিব বলেন, আপাতত কমিশনের গেজেটেড ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের আদেশ পাওয়ার পর প্রয়োজন হলে সংশোধন করা হবে। বাগেরহাট ও গাজীপুরের সীমানা সংক্রান্ত হাইকোর্টের রায় সম্পর্কে তিনি বলেন, আদেশ হাতে না আসায় এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

এদিকে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আগের চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়। সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।