রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে রাতভর অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি।
জেলার তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে প্রায় ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যায় শিশু সাজিদ। বুধবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গর্তে ক্যামেরা নামালে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।
শিশু সাজিদ পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে রাকিবের ছেলে। শিশুটির মা রুনা খাতুন জানান, তিনি সন্তানকে নিয়ে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। হাঁটার সময় হঠাৎ সাজিদ ‘মা’ বলে ডাকতে থাকে। পেছনে তাকিয়ে তিনি দেখেন, ছেলে নেই—গর্তের ভেতর থেকে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো থাকায় সেটি বোঝা যায়নি। মুহূর্তেই সাজিদ গর্তের ভেতর তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পাওয়ার পর দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করতে গিয়ে গর্তে কিছু মাটি ফেলে পরিস্থিতি জটিল করে তুলেছেন। বিকেল চারটা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল, তবে মানুষের হট্টগোলের কারণে পরে আর কোনো সাড়া পাওয়া যায়নি।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য গর্তে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে এক্সকাভেটর দিয়ে গর্তের পাশে নতুন করে খনন শুরু হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও জীবন রক্ষাকারী সরঞ্জাম।
স্থানীয়রা জানান, এক বছর আগে পানির স্তর যাচাই করতে একজন কৃষক ওই গর্ত খনন করেছিলেন। পরে তা ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবার গর্ত তৈরি হয়। সেই গর্তেই সাজিদ পড়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় করেন। এতে উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সোয়া আটটার দিকে পুলিশ দড়ি টেনে ঘটনাস্থল ঘিরে রাখে।
এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুরো এলাকায় উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহর চলছে।




