সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ খণ্ডে প্রকাশিত এই প্রতিবেদনে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল ও জোটসমূহের মতামত, আলোচনার সারসংক্ষেপ, কমিশনের নথিপত্র এবং জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনের সব খণ্ড https://reform.gov.bd ঠিকানার ওয়েব পেজে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের পাশাপাশি এর আগে ও পরে গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের সকল প্রতিবেদনও একই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর মাসে এবং পরবর্তী সময়ে সর্বমোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের কার্যক্রম শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অপর ৫টি কমিশনের প্রধানদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানগণের অপারগতার কারণে তাদের দু’জন জ্যেষ্ঠ সদস্যকে কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে গত ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ-২০২৫। পরবর্তীতে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। ইতোমধ্যেই কমিশনের সুপারিশের আলোকে সরকার জুলাই ‘জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।