নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে প্রতিবছর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করে থাকে। এ বছর ক্রীড়াঙ্গনে নারীর জাগরণ সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেগম রোকেয়া পদক ২০২৫’-এর জন্য চারজন নারীকে মনোনীত করা হয়েছে। তারা হলেন— নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাদের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে পাঠায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বাংলাদেশ নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলে ভর করে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জয়ের পেছনেও ছিল ঋতুপর্ণার গোল। দেশের নারী ফুটবলে তার অসামান্য অবদানই তাকে এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত করেছে।




