সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার শারীরিক উন্নতি, আপাতত লন্ডন নেওয়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রবিবার দুপুরে করা সিটি স্ক্যানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক আসায় তাকে বিদেশে নেওয়ার পরিবর্তে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছে মেডিক্যাল বোর্ড। বোর্ডের সদস্যরা জানিয়েছেন, আগের তুলনায় তিনি সুস্থ আছেন এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফল ভালো আসায় আশাবাদী তারা যে দেশেই চিকিৎসা নিয়ে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠতে পারেন। তাছাড়া বিমানযাত্রার উপযুক্ত নন তিনি।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক বলেন, “তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস করি, দেশেই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠবেন।” তবে কতদিন তাকে সিসিইউতে থাকতে হবে তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।

চিকিৎসার সমন্বয় করছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে ঢাকায় এসে কয়েক দিন ধরে হাসপাতালে ও পারিবারিক বাড়িতে অবস্থান করছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জুবাইদা রহমান সরাসরি চিকিৎসাকাজে সম্পৃক্ত রয়েছেন এবং সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

অন্তর্বর্তী সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে এবং এসএসএফ তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই বোর্ডে যুক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার বোর্ড লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত দিলেও শুক্রবার জরুরি বৈঠকে তা স্থগিত করা হয়।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এই বিমানটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় আনা হচ্ছে। শিডিউল অনুযায়ী, বিমানটি রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করবে। তবে মেডিক্যাল টিমের মূল্যায়ন ও রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে উড্ডয়নের সময় পরিবর্তিত হতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।