বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চিকিৎসকদের সিদ্ধান্তে খালেদা জিয়াকে লন্ডনে নেবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হলেও তাঁর শারীরিক অবস্থার কারণে যাত্রা বিলম্বিত হচ্ছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

শনিবার (৬ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই বোর্ড মনে করবে যে তাঁকে নিরাপদে ট্রান্সফার করা যাবে, তখনই তিনি ফ্লাই করবেন।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে।”

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা আগের মতই আছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন এখনও ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। সেজন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে।

তারা আরও জানান, গত দু’দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে। সেগুলোর প্রতিবেদনও তারা পর্যালোচনা করছেন। গতকাল (শুক্রবার) দু’দফা মেডিকেল বোর্ডের বৈঠক হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।

প্রথমে ৫ ডিসেম্বর তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হলেও পরে তা পিছিয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়। সর্বশেষ সম্ভাব্য তারিখ হিসেবে ৯ ডিসেম্বর ঠিক করা হলেও সেটিও নিশ্চিত নয়।