বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কোনো ফ্যাসিবাদকে আর বরদাশত করা হবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না—এমন হুশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লালদিঘী মাঠে আন্দোলনরত ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, তবে ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। তরুণ, ছাত্র-জনতা ও মেহনতি মানুষ অতীতে যেমন রুখে দিয়েছে, ভবিষ্যতেও ফ্যাসিবাদ মাথা তুললে প্রতিরোধ করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, ৮ দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে, ইনশাআল্লাহ। এটা প্রমাণিত হয়েছে, এর বাইরে গিয়ে কোনও কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ নির্যাতন, অবিচারের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল; এক নয়, দুই নয় ২৮ লাখ কোটি টাকা।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত সরকার দুর্নীতি ও অবিচারের মাধ্যমে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে ধ্বংস করেছে। তিনি বলেন, রক্তাক্ত হাতে ক্ষমতায় এসে তারা সেনা কর্মকর্তা হত্যাসহ নানা অপরাধ করেছে।

সমাবেশে জামায়াত আমির ছাড়াও বক্তব্য দেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা।

সমাবেশে ৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে দুপুর থেকে লোকজন জড়ো হয় এবং লালদিঘী মাঠেই জুমার নামাজ আদায় করা হয়।