বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। তিনি এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তবে আশার কথা, তিন দিন সাড়াহীন থাকার পর শনিবার কথা বলেছেন গুরুতর অসুস্থ খালেদা জিয়া।
শনিবার রাতে (২৯ নভেম্বর) হাসপাতালের সামনে সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, গত তিন দিন ধরে (২৭–২৯ নভেম্বর) খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে এবং তিনি চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে অবস্থা স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন। বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে মেডিকেল বোর্ডের পরবর্তী মূল্যায়ন ও সুপারিশের ওপর।
২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ রয়েছে। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’ হয়ে পড়ে। গত তিন দিন ধরে তাকে সাড়া-শব্দহীন অবস্থায় পাওয়া গেলেও শনিবার সকালে তিনি পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে সামান্য কথা বলেছেন। চিকিৎসকরা এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তবে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় পরপর চার দিন তাকে ডায়ালাইসিস করতে হয়েছে, যা এখনো উদ্বেগজনক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, লন্ডন ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত সমন্বয় করে চিকিৎসা চলছে। তিনি বলেন, প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া আছে—ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখনকার শারীরিক অবস্থায় তাকে বিমান ভ্রমণে নেওয়া সম্ভব নয়।
হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। সময়মতো হেলথ বুলেটিন দেওয়া হবে।
চিকিত্সা-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল না হলে সামগ্রিক উন্নতি সম্ভব নয়। শারীরিক অবস্থা অনুকূল হলে তাকে লন্ডন অথবা সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা করা হবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন।
বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার ব্যাপারে দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছেন। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।’
চিকিৎসক ও পরিবার জানায়, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।




