বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কড়াইল বস্তিতে আগুনে পুড়ল ১৫শ ঘর–বাড়ি, পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১,৫০০ ঘর–বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে মোট ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে সরু রাস্তা ও যানজটের কারণে ইউনিটগুলো দ্রুত পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থলে পৌঁছাতে তাদের ৩৫ মিনিট সময় লাগে, বড় গাড়ি ঢুকতে না পারায় দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে, বস্তির ভেতরে বিদ্যুতের যত্রতত্র তার এবং গ্যাস সিলিন্ডারের উপস্থিতি আগুন নেভানোকে কঠিন করে তোলে।

তিনি বলেন, “বিভিন্নভাবে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি প্রায় ১৫০০ ঘর–বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতি তদন্তে জানা যাবে।”

আগুন লাগার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবর নেই, তবে ছোটখাটো আহতের ঘটনা থাকতে পারে বলে তিনি জানান।

তাজুল ইসলাম আরও বলেন, “ওয়াসা, ড্রেন এবং আমাদের পানিবাহী গাড়ি—সব মিলিয়ে পানির পর্যাপ্ত সাপোর্ট পেয়েছি।”

হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, “হেলিকপ্টারের বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই ধরনের আগুন নেভাতে হেলিকপ্টার কার্যকর নয়।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, শীতের দুই মাসকে তারা “আগুনের সিজন” বলে বিবেচনা করেন। এ সময় আগুন লাগার ঘটনা তুলনামূলক বেশি হয়ে থাকে।

এই অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছে, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তারেক রহমান বলেন, “এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন—এমন প্রত্যাশা রাখি।”

ফায়ার সার্ভিস বলছে, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ, আগুনের উৎস ও বিস্তারের পথ—সবই তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

কড়াইল বস্তিতে প্রায় প্রতি বছরই বড় আগুনের ঘটনা ঘটে। সাম্প্রতিক মহড়ার অভিজ্ঞতা কাজে লাগায় এবার আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।