বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে ড. ইউনূস ও খালেদা জিয়ার আলাপ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়। এতে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সকালেই ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক বছরের বিরতির পর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় গুলশানের বাসা থেকে এসে তিনি হুইল চেয়ারে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সশস্ত্র বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত একান্ত আলাপের পর বেগম খালেদা জিয়া মূল অনুষ্ঠানে প্রবেশ করেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টার পাশে আসনে বসে অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭১ সালে ২১ নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় দুর্যোগ মোকাবেলায় সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টি মিশন সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে বিশ্বের ১০টি মিশনে অংশগ্রহণ করছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা বলেন, একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী, তবে যে কোনো আগ্রাসী হুমকি থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের বাহিনী সদা প্রস্তুত। দিবসটি উদযাপনের মাধ্যমে দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হলো।

দিবস উদযাপনের অংশ হিসেবে দেশের অন্যান্য সেনা ঘাঁটি, নৌ জাহাজ ও বিমান ঘাঁটিতেও কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষভাবে সজ্জিত নৌজাহাজগুলো ২১ নভেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, সরকারি কর্মকর্তারা এবং স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।