কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশে পাঁচ দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। স্বাধীনতার পর প্রথম যে আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ যোগ দেয়, সেই কমনওয়েলথের সর্বোচ্চ কর্মকর্তার এ সফরকে “বাংলাদেশের জাতীয় অভিযাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ” হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি।
সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনারসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন–এমন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে।
কমনওয়েলথ সচিবালয় জানিয়েছে, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই সফরে মহাসচিব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে সংস্থাটির নতুন কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করবেন। ওই পরিকল্পনায় গণতন্ত্রকে মূল তিনটি স্তম্ভের অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের জনগণকে লক্ষ্যভিত্তিক ও কার্যকর সহায়তার উপায় নিয়ে মতামত গ্রহণ করবেন তিনি।
বাংলাদেশকে “কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য” হিসেবে বর্ণনা করে মহাসচিব শার্লি বোটচওয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সংস্থাটির শক্তিশালী অংশীদারত্ব রয়েছে, যা আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ। অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি বাংলাদেশের বাস্তব পরিস্থিতি গভীরভাবে বুঝতে চান এবং সম্মান ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সহায়তার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে চান।
তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে—এমন শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করাই বাংলাদেশ ও কমনওয়েলথের যৌথ লক্ষ্য। বাংলাদেশের জনগণও একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কমনওয়েলথকে বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখেন।
আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে কামনাও জানিয়েছেন মহাসচিব। গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।




