দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক সহনশীলতা পুনরুদ্ধার এবং ‘মব ভায়োলেন্স’ পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যের মতকে সহ্য করার সংস্কৃতি ছাড়া গণতন্ত্র টিকতে পারে না।
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে “ফ্যাসিস্ট শেখ হাসিনার” বিরুদ্ধে রায় ঘোষণার সময় একটি মহল পরিস্থিতিকে ভিন্নদিকে নিতে মবকেন্দ্রিক সহিংসতা উসকে দিচ্ছে। এ ধরনের ঘটনা রায়ের গুরুত্ব কমিয়ে দিতে রাজনৈতিকভাবে অপচেষ্টা বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের মূল চেতনা হলো বিপরীত মতামতকে সহনশীলতার সঙ্গে গ্রহণ করা। “আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে জীবন দিয়ে হলেও রক্ষা করব—এটাই গণতন্ত্র,” মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যে সংস্কৃতিতে মতবিরোধের জবাব হয় পিটিয়ে দেওয়া, দলবদ্ধ সহিংসতা সৃষ্টি বা প্রতিপক্ষকে স্তব্ধ করা—তা গণতন্ত্রের পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি একটি ‘ট্রানজিশনাল পিরিয়ড’ দাবি করে বলেন, নির্বাচন সামনের দিকে হলেও সেটিই চূড়ান্ত লক্ষ্য নয়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া এবং গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে গণতন্ত্রের পথে ফিরতে হবে এবং বিচার বিভাগ, সংসদ, প্রশাসন ও গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে।
গত ১৬ বছরে বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন–পীড়ন, গুম-খুন ও মিথ্যা মামলার অভিযোগ তুলে তিনি বলেন, প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, এবং প্রায় ২০ হাজার নেতা-কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনা গবেষণার মাধ্যমে নথিভুক্ত করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় ইতিহাসের সত্য তুলে ধরতে দল কাজ করছে বলেও জানান তিনি।
দলের ভেতরে সংস্কার নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি বহুদিন ধরেই সংস্কারের প্রস্তুতি নিয়ে আসছে। কেউ যদি সংস্কারের দাবিকে ব্যক্তিগত অর্জন হিসেবে তুলে ধরতে চান, তা হবে সংকীর্ণতার প্রকাশ। বিএনপি বিপ্লবী দল নয়; বরং এটি একটি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, যারা সব ধর্ম-বর্ণ-মতের মানুষের সমন্বয়ে ‘রেইনবো স্টেট’ গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রের পক্ষে খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, তার সংক্ষিপ্ত বিবৃতি—“প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই একযোগে কাজ করি”—দল ও জাতির জন্য পথনির্দেশক। বিদেশে থাকা তারেক রহমানও গণতন্ত্রের পক্ষে জনগণকে সংগঠিত করতে ভূমিকা রেখে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অধ্যাপক বি এম নাগিব হোসেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।




