বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর সদর–৩ আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছে জেলা বিএনপি। শুক্রবার থেকে দলীয় নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এই প্রচারণা চালাবেন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার দিনাজপুর শিশু একাডেমিতে এক জরুরি সভা আয়োজন করে জেলা বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে সামনে রেখে এ সভায় প্রচারণা শুরুর ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় জেলার সব মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ এবং আগামী কয়েক দিনের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর আরও একটি সমন্বয় সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রাখা হয়। এ সময় তাঁর পক্ষেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন ডা. জাহিদ হোসেন।
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। ডা. জাহিদ বলেন, “এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থ ও সময় সাশ্রয় হবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ কেউ এ সিদ্ধান্ত নিয়ে “পানি ঘোলা করার” চেষ্টা করছেন।
সভায় তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদ বলেন, দেশের ১২ কোটি ভোটারের মধ্যে ৪ কোটি তরুণ। তাঁদের কাছে গ্রহণযোগ্যভাবে পৌঁছাতে নেতাকর্মীদের আচরণ ও কাজের প্রতি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, চেম্বার সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।




