দেশের অর্থনীতি পুনরায় স্থিতিশীল করতে জনগণের ভোটে নির্বাচিত একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “রপ্তানি আয় ও রেমিট্যান্স বর্তমানে দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত, কিন্তু রপ্তানি খাতেও নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোগীদের সতর্ক করে বলেন, “বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারের ওপর হুমকি-ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হওয়া উচিত। প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব, অরাজনৈতিক ও নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণের দিকে মনোযোগ দেওয়া।”
তিনি বলেন, ‘নানা শর্ত জুড়ে দিয়ে কিছু দল, যারা রাজপথে আমাদের সঙ্গী ছিল, তারা নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করছে। পতিতদের ফেরার সুযোগ তৈরি করছে। ফ্যাসিবাদী শাসনামলে গুপ্ত থাকা দলটির ছাতার নিচে পতিত ফ্যাসিস্টরা আশ্রয় নিয়েছে কি না তাও খতিয়ে দেখা দরকার।’
তিনি আরও বলেন, দেশে কৃষক ও শ্রমিকরা বিপুল লোকসানের মুখে রয়েছেন। উদাহরণ হিসেবে আলু ও পেঁয়াজ উৎপাদন উল্লেখ করে বলেন, “গণভোটের নামে হাজার কোটি টাকা ব্যয় করার চাইতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।” এছাড়া কর্মহীন জনগণ ও নারী শ্রমিকদের চাকরি সুরক্ষা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থা ও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ইংরেজি ও আইসিটি বিষয়গুলোতে শিক্ষার্থীর অকৃতকার্যতা উদ্বেগজনক। এছাড়া গত এক বছরে সড়ক দুর্ঘটনায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন, যার ৪৮ শতাংশ নারী ও শিশু।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র ও একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল, সেনাবাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, তারা পরাজিত হয়েছে। যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, অসংখ্য প্রাণের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। দেশকে কেউ যেনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটাই হোক ৭ নভেম্বরের অঙ্গীকার।’
বক্তৃতায় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের সীমাবদ্ধতা তুলে ধরে দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক স্বার্থে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার ওপর জোর দেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেন, ‘বর্তমানে একটি সংকট তৈরি হয়েছে। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, জাতীয় পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা।




