বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার গণমাধ্যমে উপস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় কূটনীতিক তলব

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

একজন উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় পবন বাদেহকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়েছে, যেন তিনি নয়াদিল্লিকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপের ভিত্তিতে গড়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে একটি বিচারাধীন আসামিকে গণমাধ্যম প্ল্যাটফর্মে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শুধু কূটনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, বরং দুই দেশের সম্পর্কের জন্যও ‘ক্ষতিকর’ হতে পারে বলে মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ।