সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরব সরকারের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি তুলে ধরেন এবং মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নত করার অনুরোধ জানান।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন।
এ সময় ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা সৌদি মন্ত্রী সানন্দে গ্রহণ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের হজ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।




