বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন, গুলশানে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় রাত ১১টা ১৫ মিনিটে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করীর খান।

বৈঠকের আগে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও সভা আয়োজনের কথা নিশ্চিত করেন। সভায় আগের বৈঠকের সিদ্ধান্তগুলোর অগ্রগতি তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি আসন্ন নির্বাচনে দলীয় প্রচার–প্রচারণার কৌশল ও করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত দুইজন নেতা জানান, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে, সেই আসন বণ্টন এবং শরিকদের ভোটের কৌশল নির্ধারণে ধারাবাহিকভাবে শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি।

নেতারা আরও জানান, ‘রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ–২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটকে ঘিরে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নেতাদের বক্তব্য, সরকার এ বিষয়ে দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে; নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে সরকার নিজস্ব সিদ্ধান্ত জানাবে—এ বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটে রাজনৈতিক সমঝোতা নিয়ে দলের শীর্ষ নেতাদের মূল্যায়ন জানতে চান তারেক রহমান, এবং উপস্থিত নেতারা একে একে মতামত দেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়—সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে বিএনপির স্পষ্ট অবস্থান জনসমক্ষে তুলে ধরা হবে। মঙ্গলবার বেলা ১২টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।