বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গণফোরাম ও গণঅধিকার পরিষদের নেতৃত্বে থাকা রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীকে লড়ার ইঙ্গিতও দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন, “ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।”

বিএনপি সোমবার ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ৬৩টি আসন—এর মধ্যে হবিগঞ্জ-১—ফাঁকা রেখেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, রেজা কিবরিয়ার প্রার্থিতা ওই আসনে বিবেচনায় রয়েছে।

২০০৫ সালে নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ‘ধানের শীষ’ প্রতীকেই হবিগঞ্জ-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সে নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তীতে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন।
তবে দলীয় বিরোধের জেরে গণঅধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়—একটি অংশের নেতৃত্বে নুর, অন্য অংশে রেজা কিবরিয়া। পরবর্তীতে রেজা কিবরিয়া রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং পরিষদের পদ থেকেও সরে দাঁড়ান।

রেজা কিবরিয়ার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হলে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী চিত্র আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। বিএনপির বাকি ফাঁকা আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রের আভাস।