আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নির্বাচন–কেন্দ্রিক; নিরাপত্তা ও সমন্বয় পরিকল্পনা ইতোমধ্যে কার্যকর রয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার–ভিডিপি মিলিয়ে ৭ লাখ ৬৮ হাজার সদস্য বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছেন। এদের মধ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ বিভাগ প্রণীত নয়টি প্রশিক্ষণ মডিউলের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দেশের ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে ৫ লাখ ৮৫ হাজার আনসার–ভিডিপি সদস্য প্রশিক্ষণে রয়েছেন; এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার সশস্ত্র ও ৪ লাখ ৫০ হাজার নিরস্ত্র। প্রতিটি কেন্দ্রে গড়ে ১৩ জন নিরাপত্তাকর্মী থাকবেন। পাশাপাশি বিজিবির ৩৩ হাজার সদস্য (১,১০০ প্লাটুন) প্রশিক্ষণ সম্পন্ন করছেন, যা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সব প্রশিক্ষণ ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, সংসদ নির্বাচনের সময় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মাঠে থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনের আগে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চলছে। সমন্বয়ের জন্য পুলিশ সদর দপ্তর এবং প্রতিটি জেলায় নির্বাচন কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। গণমাধ্যমের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না; সাংবাদিকরা অবাধে নির্বাচন কাভার করতে পারবেন এবং পর্যাপ্ত পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হবে। দ্রুত সাড়া দিতে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সারাদেশে প্রস্তুত থাকবে।
নির্বাচনী দায়িত্বে সহায়তার জন্য নতুন নিয়োগও দেওয়া হয়েছে—১০ হাজার ২৬৪ পুলিশ, ২ হাজার ১৪৫ আনসার–ভিডিপি, ৫হাজার ৫১৩ বিজিবি এবং ৬৩৪ কোস্ট গার্ড সদস্য।
স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, সমন্বিত এই প্রস্তুতি সহিংসতা প্রতিরোধ ও দ্রুত প্রতিক্রিয়াকে নিশ্চিত করবে; লক্ষ্য একটাই—নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন।




