বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আশুলিয়ায় ড্যাফোডিল–সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে ভাঙচুর আগুন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আবাস ‘ব্যাচেলর প্যারাডাইস’–এ সিটি ইউনিভার্সিটির ৪০–৫০ জন শিক্ষার্থীর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগা–নিয়ে তর্কাতর্কি থেকে। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। তারা সিটি ইউনিভার্সিটির দিকে এগোতে চাইলে প্রক্টরিয়াল টিম ও পুলিশ পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানায়; ড্যাফোডিলের শিক্ষার্থীরা পরে ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। সিটি ইউনিভার্সিটির হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার থানার দুটি টিম মোতায়েন করা হয়। ড্যাফোডিল প্রশাসনের কর্মকর্তারা উত্তেজনা সামাল দেন। পরে ড্যাফোডিলের প্রক্টর সিটি ইউনিভার্সিটির প্রক্টরকে ফোনে ঘটনার প্রমাণ হস্তান্তরের আশ্বাস দিয়ে সুষ্ঠু তদন্ত ও সমাধান চান।

এদিকে রাত বাড়ার সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাস এলাকায়ও। ভোর সাড়ে চারটার দিকে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী জানান, প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল এবং তাদের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। রাত সাড়ে তিনটার দিকে এক শিক্ষার্থীর ধারণ করা ভিডিওতে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সামনের একটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দুই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী পরিস্থিতি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করে দ্রুত শিক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ চেয়েছেন। তারা বলেন, “প্রশাসনকে আরও জোরালো ভূমিকা নিতে হবে; উভয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এগিয়ে এলে সংঘাত থামে, নইলে আশপাশে ছড়িয়ে পড়তে পারে।”

এদিকে এ ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের (পুসাব) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘এটা কোনোভাবেই শিক্ষার্থীদের আচরণ হতে পারে না। প্রতিবেশী দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝগড়া হতে পারে, তর্ক হতে পারে, বিবাদ হতে পারে! তাই বলে এভাবে হাজারে হাজারে গিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধ্বংস করা, সম্পদ ধ্বংস করা, নিজের ভাই-বোনদের মেরে আহত করা কোনোভাবেই কাম্য না! এটা অসভ্যতা, এটা উগ্রতা, এটা হিংস্রতা! কী করতেছো তোমরা! নিজেদের রক্ত নিজেরাই খাচ্ছো?’

পোস্টে আরও লেখেন, ‘মনে রাখবা, এখানে কেউ জিতে নাই, গায়ের জোর দেখায়ে, শক্তি দেখায়ে, জুলুম করে, শিক্ষা প্রতিষ্ঠান, হল, বাস ধ্বংস করে কখনও জেতা যায় না। এই মানসিকতা যাদের ভেতরে আছে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা উচিত না! আল্লাহর ওয়াস্তে থামো, সবাই মিলে আগুন নেভাও, শান্ত করো, শান্ত হও। নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আইনোনা।’

ঘটনায় আহত বা গ্রেপ্তারের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বজায় আছে; তদন্ত ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ–প্রশাসন তৎপর রয়েছে।