চব্বিশে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। প্রসিকিউশন পক্ষের পাঁচদিন ও আসামিপক্ষের তিনদিনের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ (সদস্য বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী) এ সিদ্ধান্ত দেন।
মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এ মামলায় রাজসাক্ষী হয়েছেন।
প্রসিকিউশন পক্ষ জানায়, বহুল আলোচিত মামলাটিতে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চান তারা। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন। রাজসাক্ষী আবদুল্লাহ আল–মামুনের পক্ষ থেকেও খালাস চাওয়া হয়েছে।
আদেশের আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিপক্ষের কয়েকটি বিষয়ের জবাব উপস্থাপন করেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ন্যায়বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ দণ্ডের আবেদন জানান। প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিম শুনানিতে অংশ নেন; উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আব্দুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং রাজসাক্ষী আবদুল্লাহ আল–মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এ মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের সদস্যরা রয়েছেন। স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
এর আগে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল–১। পরবর্তী পর্যায়ে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রোভার) দোষ স্বীকার করে রাজসাক্ষী হন সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন।
ট্রাইব্যুনালের তথ্যমতে, গত বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন দমনে সরকার, দলীয় ক্যাডার এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসে; এসব অভিযোগে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। এর বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন—একটি আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম–খুনের অভিযোগে, অন্যটি হেফাজতে ইসলামের শাপলা চত্বর সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।
রায় ঘোষণার তারিখ নির্ধারণে ট্রাইব্যুনালের পরবর্তী আদেশ জানতে আগামি ১৩ নভেম্বর পরবর্তী কার্যক্রম হবে।




