বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গুম-নির্যাতন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলা এবং জুলাই-আগস্টে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর এবং রামপুরার মামলায় ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে এই তিন মামলার পলাতক আসামিদের আদালতে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জেলের একটি বিশেষ প্রিজন ভ্যানে করে সাধারণ পোশাকে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।

এর আগে গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সেই দিনই রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম মুনসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং ২২ অক্টোবর আসামিদের হাজিরের নির্দেশ দেয়।

পরোয়ানা জারির পর ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, ওই দুই মামলার ৩০ আসামির মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। এর মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে এবং ১৫ জন কর্মরত রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত সেনা কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হবে।

এদিকে, প্রসিকিউশনের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও আদালতে হাজিরে সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে সেনাবাহিনী এই আদালতের বিচারিক প্রক্রিয়াকে সহযোগিতা করেছে, এটি প্রশংসনীয়।”