জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন নিহত জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহমেদ আয়লান।
মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তিনজনই স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই আশরাফ হোসেনের আবেদনের পর ঢাকার তিন ভিন্ন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে তিন আসামিকেই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ ছাড়া মামলার সাক্ষী প্রিতম দাসও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯ অক্টোবর বিকেলে জোবায়েদ বংশাল থানার নূর বক্স লেনের রৌশান ভিলায় টিউশনি করতে গেলে খুন হন। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার ছাত্রী বর্ষা ম্যাসেঞ্জারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জানায়, “জোবায়েদ স্যার খুন হয়ে গেছে।”
ঘটনার খবর পেয়ে রাতে নিহতের ভাই এনায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে ভবনের সিঁড়িতে রক্তের দাগ ও তৃতীয় তলায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরদিন ময়নাতদন্ত শেষে জোবায়েদের লাশ কুমিল্লার কৃষ্ণপুর গ্রামে দাফন করা হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন।




