বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, রাতে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক ঘণ্টা স্থবির হয়ে পড়ে বিমানবন্দরের কার্যক্রম। বিকেলে শুরু হওয়া এ আগুন রাতের মধ্যে নিয়ন্ত্রণে আসে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার স্টেশনসহ আশপাশের মোট ১৩টি ফায়ার স্টেশন থেকে ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে বিমান, নৌ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। পরে সহায়তায় যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো সেকশনের আমদানি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ থাকায় ইউএস-বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। মোট আটটি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়, কিছু ফ্লাইট কলকাতায় অবতরণ করে।

বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি, আজ রাতের মধ্যেই বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে। আগুন মূলত আমদানি কার্গো এলাকায় সীমাবদ্ধ ছিল, রপ্তানি অংশ সম্পূর্ণ নিরাপদ।” তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে—সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সাহসিকতার সঙ্গে কাজ করেছে। এখন জরুরি প্রয়োজন একটি স্বচ্ছ তদন্ত এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা ব্যবস্থার জোরদার।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিভে গেছে এবং নিরাপত্তা মূল্যায়নের পর ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফেরা শুরু হয়েছে।