বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাকসু নির্বাচনেও একচেটিয়া জয় শিবিরের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। মোট ২৩টি পদের মধ্যে ২০টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি, এজিএসসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে তারা একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে।

শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এতে ভিপি পদে জয়ী হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত মুখ। এজিএস পদে নির্বাচিত এস এম সালমান সাব্বির। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন, যিনি তাদের প্যানেল থেকে একমাত্র বিজয়ী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই মাসের ছাত্র আন্দোলনের পর থেকেই শিবির সমর্থিত শিক্ষার্থীরা সংগঠিতভাবে মাঠে সক্রিয় ছিল। নিয়মিত কর্মসূচি, শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং কার্যক্রমের ধারাবাহিকতাই তাদের জয়ের মূল চাবিকাঠি।

অন্যদিকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, অছাত্র নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্বল সম্পর্কের কারণে ছাত্রদল সমর্থিত জোট ব্যাপকভাবে সমর্থন হারায়।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদের মধ্যে তিনটিতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা—মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা এবং এস এম সালমান সাব্বির।

অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন: সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব ও মুজাহিদুল ইসলাম সায়েম।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক হয়েছেন ইমরান লস্কর, সহকারী নয়ন মুরসালিন; পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী মাসুমা ইসলাম মোমো। কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়ী হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

ফলাফল সংক্ষেপ
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ (শিবির সমর্থিত) — ১২,৬৮৭ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দীন (ছাত্রদল) — ৩,৩৯৭ ভোট

জিএস: সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য) — ১১,৪৯৭ ভোট
ফাহিম রেজা (শিবির) — ৫,৭২৭ ভোট

এজিএস: এস এম সালমান সাব্বির (শিবির) — ৬,৯৭৫ ভোট
জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) — ৫,৯৫১ ভোট