চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে আগুন লাগার পর থেকে রাত গভীর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের কাছে যেতে পারছেন না, দূর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন নেভাতে সহায়তা করতে রোবট ইউনিটও ব্যবহার করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আটতলা ভবনের সপ্তম তলা থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে নিচের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। রাত ১১টার দিকে তৃতীয় তলাতেও আগুনের শিখা দেখা যায়। আগুনের তাপে একাধিক ছাদ ও দেয়াল ধসে পড়েছে, মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড তাপে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।”
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান জানান, আগুন মূলত ভবনের সপ্তম তলায় লেগেছে, যা গুদাম হিসেবে ব্যবহৃত হতো। ভবনে প্রায় ৭০০ শ্রমিক কাজ করতেন, তবে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের কারখানাগুলোর ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আশপাশের প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে ভবনে পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছে।
রাতের দিকে কিছু এলাকায় বৃষ্টি হলেও আগুনের তীব্রতা কমেনি। ধসে পড়ছে ভবনের ছাদ-দেয়ালের বিভিন্ন অংশ, ফলে উদ্ধারকর্মীদের জন্য ঝুঁকি আরও বেড়ে গেছে।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা ও ভবনের ক্ষয়ক্ষতি দেখে ধারণা করা হচ্ছে, আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। তাদের মূল লক্ষ্য এখন আগুন যাতে আশপাশের কারখানায় না ছড়ায়, তা নিশ্চিত করা।




