রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম আলম ট্রেডার্স ছিল ফায়ার সার্ভিসের তালিকাভুক্ত অবৈধ প্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠানটিকে তিনবার নোটিশ দেওয়ার পরও ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা আলম ট্রেডার্সকে তিনবার নোটিশ দিয়েছিলাম। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছিল। গুদামটি অভিযানের পর্যায়ে ছিল।”
এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুদামটিতে আগুন লাগে। পরে আগুনটি বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটির দোতলায় স্মার্ট প্রিন্টিং নামে একটি টি-শার্ট প্রিন্টিং কারখানা এবং তিন ও চারতলায় আরএন ফ্যাশন নামের পোশাক কারখানা ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা চারতলা ভবনের দোতলা ও তিনতলা থেকে ১৬টি মরদেহ উদ্ধার করেন। এর মধ্যে ১০ জনকে স্বজনেরা শনাক্ত করেছেন।
লে. কর্নেল তাজুল ইসলাম জানান, “আমরা গতকাল সকাল ১১টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। গার্মেন্টস অংশের আগুন গতকালই নিয়ন্ত্রণে আসে, তবে রাসায়নিক গুদামের আগুন বুধবার দুপুর ২টা ২০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
তিনি বলেন, “গুদামে ছয়–সাত ধরনের রাসায়নিক ছিল। কী ধরনের রাসায়নিক এবং তার ঘনত্ব কী, তা এখনো যাচাই করা যায়নি। পানি ছিটিয়ে রাসায়নিকগুলো পরিষ্কার করা হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ কাজ।”
ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, রাসায়নিকের তেজস্ক্রিয়তা ও উচ্চ তাপমাত্রার কারণে ভবনের কাঠামো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে উচ্চ তাপে ভবনের পিলার ও কাঠামো দুর্বল হয়ে পড়েছে। রাজউক ও ভবন বিশেষজ্ঞরা পর্যালোচনা করেই ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারবেন।”
তাজুল ইসলাম জানান, গুদামের মূল দরজায় তালা দেওয়া ছিল, যা হাইড্রলিক কাটার দিয়ে খুলতে হয়েছে। “এতে ধারণা করা হচ্ছে, ভেতরে কেউ ছিল না। তবে সার্চ অপারেশন শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,” বলেন তিনি।
তিনি আরও জানান, রাসায়নিক দ্রব্যের তেজস্ক্রিয়তা কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনো সার্চ অপারেশন শুরু হয়নি। এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩৬ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, এমন অবৈধ ও অনিরাপদ রাসায়নিক গুদামের উপস্থিতিই নগর এলাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তারা অবিলম্বে এসব গুদাম স্থানান্তর ও নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।




