বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণে সহায়তা দেবে এফএও

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ খাতের উন্নয়ন এবং কৃষিপণ্য, বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংউই।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে এফএও সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

বৈঠকের শুরুতে এফএও মহাপরিচালক বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, “বাংলাদেশ কৃষি ও খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, এফএও ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।”

অধ্যাপক ইউনূস বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি ফসল-পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়ে এফএওর সহায়তা চান। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি টেকসইভাবে এগিয়ে নিতে সমুদ্র সম্পদ ব্যবহারের সম্ভাবনা বিপুল। এফএওর কারিগরি সহায়তা আমাদের এই খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

প্রধান উপদেষ্টা বর্তমানে রোমে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিচ্ছেন। সোমবারই এফএও সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল বক্তব্য প্রদান করেন।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও এফএওর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়, বিশেষ করে গভীর সমুদ্র মৎস্য আহরণ, জলবায়ু সহনশীল কৃষি ও ফল রপ্তানির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।