রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গার্মেন্টস কারখানা ও পাশের কেমিক্যাল গুদামে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের জানান, “গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে পড়া শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছাদ ও প্রধান গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। প্রচণ্ড তাপে তাদের মুখ বিকৃত হয়ে গেছে, তাই পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে।”
তিনি আরও বলেন, “রাসায়নিক বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, এতে শ্বাসরোধ হয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখনো পাশের কেমিক্যাল গোডাউনে আগুন জ্বলছে। সেখানে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে দেয়।”
এ ঘটনায় আহত মামুন (৩৫), সোহেল (৩২) ও সুরুজ (৩০)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “তিনজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।”
দগ্ধ মামুনের স্বজন জোসনা জানান, মামুন ওই কারখানায় কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। সোহেল ছিলেন ফিনিশিং সেকশনে, আর সুরুজ পণ্যের গুণমান যাচাই করতে সেখানে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচতলার ‘ওয়াশ ইউনিটে’ প্রথম আগুন লাগে, পরে পাশের রাসায়নিক গুদামে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত তিনতলা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ভবন ও গুদাম উভয়েরই কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছিল না। অগ্নিকাণ্ডে সৃষ্ট তীব্র ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে সহায়তা করছে। এলাকাটি এখনো ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষকে ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে না যেতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।




