বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। ভোর ৫টার কিছুক্ষণ পর তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, “গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়, আমাদের কাজ শেষ হয়নি।”
তিনি আরও বলেন, “আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে — তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
শহিদুল আলমের দেশে ফেরা প্রসঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি শহিদুলের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান।
ইসরায়েলে শহিদুল আলম আটক হওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এসব প্রচেষ্টার ফলেই তার মুক্তি ও দেশে ফেরা সম্ভব হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
শহিদুল আলম দীর্ঘদিন ধরে দৃক, ছবি মেলা ও পাঠশালার মাধ্যমে বাংলাদেশের ভিজ্যুয়াল সাংবাদিকতা ও মানবাধিকার আন্দোলনের অগ্রভাগে কাজ করে আসছেন।




