বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

৩০ বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো যাচ্ছে সরকারি পরিবহন পুলে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩০টি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এবার সরাসরি সরকারের পরিবহন পুলে হস্তান্তর করা হচ্ছে। গাড়িগুলোর বাজারমূল্য প্রতি গাড়ি ১২ কোটি টাকারও বেশি, যা নিলামে বিক্রি করলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হতো।

২০২২ সালের মডেলের এই গাড়িগুলি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি কোটার সুবিধায় প্রায় ৫০ সংসদ সদস্য আমদানি করেছিলেন। কিন্তু সরকারের পতনের পর ৩০টি গাড়ি বন্দর থেকে খালাস করা সম্ভব হয়নি। পরে নিলামে তোলা হলেও, বিডাররা গাড়িগুলোর জন্য ভিত্তিমূল্য (৯ কোটি ৬৭ লাখ টাকা) থেকে অনেক কম, মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকায় দর দিয়েছে।

এনবিআরের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, নিলাম বাতিল করে গাড়িগুলো সরাসরি সরকারি কাজে ব্যবহারের জন্য পরিবহন অধিদপ্তরে হস্তান্তর করা হবে। চট্টগ্রাম কাস্টম হাউসকে দ্রুত হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির জানান, কাস্টম, গাড়ি আমদানিকারক সমিতি (বারভিডা) ও অন্যান্য প্রতিনিধির পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করেছেন। চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী বলেন, “আইন অনুযায়ী দ্বিতীয় নিলাম হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ সিদ্ধান্তে সরকারের রাজস্ব আয়ের পথও বন্ধ হয়ে গেছে।”

উল্লেখ্য, এমপি কোটার এই ৩০টি গাড়ি ছাড়াও বন্দর শেডে ২০ বছরের বেশি সময় ধরে আরও ৩০০টিরও বেশি গাড়ি আটকে আছে, যা দ্রুত নিষ্পত্তি না হলে স্ক্র্যাপ হিসেবে পড়ে থাকবে এবং সরকারের রাজস্ব ক্ষতি হবে।