বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১৫ অক্টোবর স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। এ ঐতিহাসিক অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের সভাকক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া অংশ নেন। এছাড়া ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচটি বৈঠকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব মতামতের আলোকে শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশসহ চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।