আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, “আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। তবে যেনতেন নির্বাচন নয়, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনই দেশের সমস্যার সমাধান দিতে পারে।” তিনি সতর্ক করে বলেন, সংস্কার বাস্তবায়নে বিলম্ব বা ষড়যন্ত্র হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
তিনি জানান, নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা একমত হয়েছেন যে, নির্বাচনের আগে সংস্কার আইনি ভিত্তি দিয়ে সম্পন্ন করতে হবে। জুলাই সনদসহ ইতোমধ্যে কিছু সংস্কার করা হলেও তা আরও আগে হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান প্রসঙ্গে তাহের বলেন, “বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রমাণ হয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ জাতিগতভাবে ঐক্যবদ্ধ।”
তিনি প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে বলেন, “জামায়াতে ইসলামী প্রথম এ দাবি তোলে। এবার যেন প্রবাসীরা ভোট দিতে পারে, সেই প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।”
ব্যক্তিগত বিষয়ে গুঞ্জনের জবাবে তাহের বলেন, তিনি চিকিৎসার জন্য নয়, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন। সেখানে শিকাগোয় পড়াশোনা করা মেয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত সফর বা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের খবরকে তিনি গুজব বলে উড়িয়ে দেন।
তিন দলের নেতৃবৃন্দকে সফরসঙ্গী করা নিয়ে বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তাহের বলেন, “সব দলের প্রতিনিধি থাকলে ভালো হতো, তবে এবার তিন দলের প্রতিনিধিই প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।”
এ সময় বিমানবন্দরে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আমেরিকায় যান ডা. তাহের।




