বাংলাদেশ ও তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত বেরিস একিঞ্চি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উভয় পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা গভীর করা, ১.১ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৩ বিলিয়নে উন্নীত করার লক্ষ্য এবং শ্রম অভিবাসনসহ বহুমুখী সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে। শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত একিঞ্চি বাংলাদেশের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি রোহিঙ্গা সংকটে তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করে বলেন, “জুলাই বিপ্লবের পর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। দুই দেশ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।”
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দক্ষ জনশক্তি রপ্তানি এবং আইসিটি, প্রকৌশল ও স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য তুরস্কে আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
উভয় পক্ষ আন্তর্জাতিক বিষয়ে অভিন্ন অবস্থান পুনর্ব্যক্ত করে ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে সংহতি প্রকাশ করে।




