ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইসি-মিডিয়া সংলাপে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।
সংলাপে বক্তারা বলেন, গত তিনটি ভোটে ভোটারবিহীন নির্বাচনের কারণে জনগণের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। কমিশনের প্রধান দায়িত্ব হবে সেই আস্থা ফিরিয়ে আনা। তারা সতর্ক করে বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে দেশের গণতন্ত্র ও অগ্রগতি বড় ধরনের সংকটে পড়বে।
অংশগ্রহণকারীরা মনোনয়ন বাণিজ্য, অর্থের খেলা ও কর্মকর্তাদের প্রভাবিত করার মতো কর্মকাণ্ড ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, তফসিল ঘোষণার পরপরই এই বিষয়ে কমিশনকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। অন্যথায় নির্বাচনী প্রক্রিয়া কখনো বিশ্বাসযোগ্য হবে না।
একজন সিনিয়র সাংবাদিক বলেন, “ভোট কেনা-বেচা বন্ধ না হলে জনগণের আস্থা ফিরবে না। ইসির সামনে দুটি রাস্তা—সুষ্ঠু নির্বাচন করে নায়ক হওয়া, অথবা ব্যর্থ হয়ে ভিলেন হওয়া।”
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি। এই নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশের রূপ নির্ধারণ করবে। তাই ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।” তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে ভোটার তালিকা হালনাগাদে সাড়ে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৪৫ লাখ ভোটার যুক্ত হয়েছে। নারীদের ভোটার তালিকায় অংশগ্রহণ বাড়ানো হয়েছে, যা আগে পুরুষের তুলনায় ৩০ লাখ কম ছিল।
এছাড়া প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হয়েছে এবং ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্যও ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। সিইসি বলেন, “গণমাধ্যম আমাদের সহযোগী। তারা মিথ্যা তথ্য প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে বড় ভূমিকা রাখতে পারে।”
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের জন্য ১০ লাখ ব্যালট প্রস্তুত রাখা হবে। তিনি বলেন, “বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সবার যৌথ প্রচেষ্টা জরুরি।”
গণমাধ্যম প্রতিনিধিরা ইসিকে নৈতিক শক্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। এটি শুধু দায়িত্ব নয়, একটি ঐতিহাসিক দায়বদ্ধতা।”




