উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাসসহ ঘরবাড়ি ও স্থাপনা।
রবিবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে। বাড়তি চাপ সামলাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্যারাজের ৪৪টি দরজা খুলে দিয়েছে। ফ্লাড বাইপাসের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়েছে সড়কটি। এতে ভাটিতে থাকা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা হুমকিতে পড়েছে।
পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামছে। ফলে নদীর পানি দ্রুত বাড়ছে। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত পানি স্বাভাবিক থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে শুরু করে। অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে, লোকজন জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে কয়েকটি গ্রাম ডুবে গেছে। রাতে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান, এক স্থানে বাঁধ ভাঙলেও তা মেরামত করা হয়েছে। পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং শুকনো খাবার বিতরণে প্রশাসন কাজ করছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ মাইকিং করে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরিফিন জানান, বর্তমানে তিস্তা তীরবর্তী অঞ্চলে রোপা আমন, চিনা বাদাম ও শাকসবজির চাষ হচ্ছে। পানি যদি তিন থেকে চার দিন স্থায়ী হয়, তাহলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এক থেকে দুই দিনের মধ্যে পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না।




