ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোয়েন লুইস বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছি এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল নির্বাচনে যুক্ত হবে এবং আগামী মাসগুলোতে প্রক্রিয়া এগিয়ে যাবে।”
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে গোয়েন লুইস রোহিঙ্গা পরিস্থিতিকে “অত্যন্ত শোচনীয় ও চ্যালেঞ্জিং” আখ্যা দেন। তিনি জানান, এ বিষয়ে জাতিসংঘে গত সপ্তাহে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ঘটনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। নির্বাচনের মাধ্যমেই সেই প্রক্রিয়া শুরু করতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, সেটিকে সফলভাবে সম্পন্ন করার বিষয়েই আজ আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও তাদের মানবেতর জীবন নিয়ে বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে। এ বিষয়ে বিদেশি সহায়তা এবং জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও এসেছে বলে জানান তিনি।




