বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারাবিশ্বের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ অক্টোবর) রাতে আমেরিকা থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “আমাদের বার্তা একটাই—আমরা গণতন্ত্রে ফেরার জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। গণতন্ত্র উত্তরণের এ প্রক্রিয়ায় গোটা বিশ্বের, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের, পূর্ণ সমর্থন রয়েছে।”

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। স্বাভাবিকভাবেই যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘ অধিবেশনে তাঁর সফরসঙ্গী হয়েছিলাম। সেখানে যে দায়িত্ব আমাদের পালন করার কথা ছিল, তা সফলভাবে সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এটি বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য ইতিবাচক।”

সাম্প্রতিক আমেরিকা সফরে নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এগুলো আওয়ামী লীগের কালচারের অংশ। আমরা এগুলোকে বড় কিছু মনে করি না।”

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিনিধি দল আমেরিকায় যায়। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন মির্জা ফখরুলসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। ড. ইউনূস ২ অক্টোবর দেশে ফেরেন। দলের একটি অনুষ্ঠান শেষে এক দিন পর দেশে ফিরলেন মির্জা ফখরুল।