বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভাষাসংগ্রামী, লেখক ও গবেষক আহমদ রফিক আর নেই। বার্ধক্যজনিত জটিলতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

গত ১১ সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমারস, পারকিনসনসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন গড়ে তোলেন। ভাষা আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।

১৯৫৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই। পরবর্তী সময়ে শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন তিনি। সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাজনীতি—সব ক্ষেত্রেই তাঁর লেখনী ছিল প্রখর।

ব্যক্তিজীবনে স্ত্রীকে হারান ২০০৬ সালে। এরপর থেকে ঢাকার নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন তিনি। বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে তাঁর অবস্থার আরও অবনতি হয়। ২০২৩ সালের দিকে প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আহমদ রফিক একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

ভাষা আন্দোলনের এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।