বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে খালেদা জিয়ার পক্ষ থেকে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একইসাথে চলমান যুদ্ধ বন্ধে জোর দাবি তোলা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান বলেন, তার সরকারের সময় ফিলিস্তিন দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। আর খালেদা জিয়ার শাসনামলে সেই জমিতে অনুদানের মাধ্যমে ভবন নির্মাণ করা হয়, যা ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার প্রতিফলন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।




