বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রফেসর ইউনূসের হোটেল স্যুইটে একত্রিত হয়ে তাঁরা এই সমর্থন ঘোষণা করেন।

সভায় লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এতে স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বেলজিয়াম, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেন। এছাড়া কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন, মানবাধিকার সংগঠন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট কেরি কেনেডি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি-র প্রতিনিধিরা অংশ নেন।

নেতৃবৃন্দ অধ্যাপক ইউনূসের আজীবন দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি। আমরা আপনার পাশে আছি।” একই সঙ্গে তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন, “মানবাধিকারের ক্ষেত্রে আপনাদের অর্জন অসাধারণ।” আর জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার জানান, প্রতিষ্ঠানটি শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন দেবে।

অপ্রত্যাশিত এই সমর্থন পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, “এটি একেবারেই অপ্রত্যাশিত। আপনাদের একসঙ্গে আমাদের সমর্থনে দাঁড়ানো সত্যিই অবিশ্বাস্য। আমি মুগ্ধ।” তিনি বাংলাদেশের পরিস্থিতিকে ১৬ বছরব্যাপী একটি ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে তুলনা করেন এবং বলেন, সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আসন্ন জাতীয় নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানান। তাঁর ভাষায়, “আমাদের দিকনির্দেশনা প্রয়োজন। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য।”

সভায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।