বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার সফরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন প্রতিনিধি তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা একই ফ্লাইটে আমেরিকায় যাচ্ছেন। অপর প্রতিনিধি জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক নিউ ইয়র্কে যোগ দেবেন।

এ ছাড়া সরকারের ছয় উপদেষ্টা সফরসঙ্গী হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

অগ্রগামী টিমের অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগেই নিউ ইয়র্কে পৌঁছেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সেখানে যোগ দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।