বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকার গুলশানে ফ্রান্সের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ার ভবনে ফ্রান্সের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে। এই কেন্দ্রটি স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ভিসার আবেদনকারীদের জন্য আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এখন থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। আবেদনগুলো আগের মতোই ঢাকাস্থ ফরাসি দূতাবাসের ভিসা শাখা পরীক্ষা-নিরীক্ষা করবে ও সিদ্ধান্ত দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থপ্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে ও একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিএফএস গ্লোবাল আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে, তবে প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ফ্রান্স দূতাবাসের ওপরই থাকবে।

ফরাসি দূতাবাস জানায়, আবেদনকারীদের আগে ফ্রান্স ভিসার পোর্টালে আবেদনপত্র পূরণ করে ভিএফএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নির্ধারিত তারিখে কেন্দ্রটিতে নথি ও বায়োমেট্রিক জমা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের সময় সার্ভিস ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

দূতাবাসের নির্দেশনায় আরও বলা হয়েছে, সাধারণত স্বল্পমেয়াদি ভিসার ন্যূনতম প্রসেসিং সময় ১০ কর্মদিবস, আর দীর্ঘমেয়াদির ক্ষেত্রে প্রায় এক মাস ধরা হয়; ভিড় ও মৌসুমভেদে সময় বাড়তে পারে।

দূতাবাস জানায়, কূটনৈতিক/অফিশিয়াল পাসপোর্টধারীরা রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এম্বেসির ভিসা সেকশনে সরাসরি (অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই) আবেদন জমা দিতে পারবেন। ছাত্রছাত্রী ও পারিবারিক পুনর্মিলন সংক্রান্ত আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট–প্রক্রিয়া ভিন্ন; এদের সঙ্গে দূতাবাস সরাসরি যোগাযোগ করবে।

ভিএফএস গ্লোবাল তাদের প্ল্যাটফর্মে আবেদনকারীদের জন্য ফর্ম ফিলিং সহায়তা, প্রিমিয়াম লাউঞ্জ, কুরিয়ার ডেলিভারি ও এসএমএস অ্যালার্ট–এর মতো অতিরিক্ত সেবা দিচ্ছে—যা সাবমিশন অভিজ্ঞতা উন্নত করবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়াকরণে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে, বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন ভিসা কেন্দ্রটি রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন : https://visa.vfsglobal.com/bgd/en/fra.