দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শেষ হয়েছে—তবে সারাদিনই অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ও বামপন্থী কয়েকটি প্যানেল ভোট বর্জন করে; বামপন্থী চারটি প্যানেল নতুন তফসিল ঘোষণা ও পুনর্নির্বাচনের দাবি জানায়। রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু করে নির্বাচন কমিশন। কমিশনের সদস্য–সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ফলাফল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয়ভাবে সিনেট হলে আনা হয়। ফলাফলের জন্য রাত থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের করিডোর, সিঁড়ি এবং সামনের মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, অনিয়ম ও কারচুপির অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলসহ পাঁচটি প্যানেলের ভোট বর্জন এবং পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। আটটি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল জাকসু নির্বাচন বর্জন করলেও তিনটি বর্জন করেনি। এগুলো হচ্ছে—বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন।
এদিন সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে ৫টা পর্যন্ত। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। ২৫টি পদের বিপরীতে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেন (টিক চিহ্ন)।




