আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে ই–পাসপোর্ট সেবা চালু হয়েছে। বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলোতে এটি ৬২তম সংযোজন। দূতাবাস প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা সেবাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ, সহকারী প্রকল্প পরিচালক (ই–পাসপোর্ট ও এবিসিএস) মেজর সৈয়দ গোলাম মুরতাজা, কারিগরি প্রতিনিধিদল, বাংলাদেশ–আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে ডিআইপি টিম দূতাবাস কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও টেকনিক্যাল সেটআপ সম্পন্ন করে।
মেজর মুরতাজা উপস্থিতদের ই–পাসপোর্ট আবেদনপ্রক্রিয়া ব্যাখ্যা করেন, আর অতিরিক্ত মহাপরিচালক আবু আসাদ ই–পাসপোর্টের গুরুত্ব ও সুবিধা তুলে ধরেন এবং সরকারের প্রকল্পভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। বক্তব্যে রাষ্ট্রদূত নাজমুল হুদা জানান, আলজেরিয়া ছাড়াও দূতাবাসের সমবর্তী দেশ—ক্যামেরুন, মৌরিতানিয়া, মালি ও গ্যাবন—এ বসবাসরত বাংলাদেশিরা এখন থেকে আলজিয়ার্স মিশনের মাধ্যমে ই–পাসপোর্ট সেবা পাবেন। দূতাবাসের বাইরে আলজেরিয়ার বিভিন্ন শহরে কনসুলার ক্যাম্পিংয়েও ই–পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে।
দূতাবাস সূত্র জানায়, আবেদনকারীরা ৫ বছর ও ১০ বছরের মেয়াদি ই–পাসপোর্টে আবেদন করতে পারবেন; আবেদন গ্রহণের পর সাধারণত এক মাসের মধ্যে পাসপোর্ট সরবরাহের লক্ষ্য নির্ধারিত। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীর হাতে এনরোলমেন্ট স্লিপ তুলে দেন। প্রবাসীরা সেবা চালুর জন্য দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং দ্রুত ডেলিভারির প্রত্যাশা ব্যক্ত করেন।




