নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের আচার–আচরণ উদ্বেগের সৃষ্টি করছে—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা ব্যক্ত করেছেন, যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ সেসব দুরভিসন্ধি কখনোই সমর্থন করবে না।’
ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে দলের দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনের পর রবিবার রাতে তিনি এসব কথা জানান। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেলা সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। তাঁদের আদালতে হাজিরা দিতে হয়েছে। জেলে যেতে হয়েছে। গ্রেপ্তার এড়াতে ধানক্ষেতে লুকিয়ে থাকতে হয়েছে।
একটা অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, সেই ঠাকুরগাঁওয়ের বিএনপি এখন উজ্জীবিত। আমরা আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন; যা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বিষয়, সম্ভাবনার বিষয়। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে নতুন দিগন্তের সূচনা হবে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




