২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসাদেশ আপিলেও বহাল রাখা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ–এর নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় ঘোষণা করেন। ফলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামির খালাস বহাল থাকে।
আদালতে তারেক–বাবরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
গত ১ ডিসেম্বর ২০২৪ হাইকোর্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক মামলায় সকল আসামিকে খালাস দেন এবং সম্পূরক চার্জশিটসহ পুরো বিচারপ্রক্রিয়াকে বেআইনি বলে রায় দেন। তার বিরুদ্ধে ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ (৪ সেপ্টেম্বর) আপিল বিভাগ ওই আপিল খারিজ করেন।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ কয়েকশ নেতা–কর্মী আহত হন। ঘটনাটির তদন্ত–বিচারের ধারাবাহিকতায় প্রথমে বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে হুজি নেতা মুফতি হান্নানসহ ২৮ জনকে অভিযুক্ত করা হয়; সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে; টিএফআই সেলে নেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আরও অনেকে সম্পূরক চার্জশিটে যুক্ত হন।
বিচারিক আদালত ২০১৮ সালে রায় দিয়ে বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন দণ্ড দেন। হাইকোর্ট ২০২৪ সালে তা বাতিল করার পর আজ (৪ সেপ্টেম্বর) আপিল বিভাগের রায়ে বিচারপ্রক্রিয়ার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটল বলে আইনজীবীরা জানিয়েছেন।
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তে হাইকোর্টের খালাসাদেশ বহাল থাকায় তাদের মক্কেলরা অভিযুক্তি থেকে মুক্ত হলেন। রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে মত জানানো হবে।




